চুনারুঘাট প্রতিনিধি

০১ জুন, ২০২১ ০০:০৩

চুনারুঘাট চা বাগানে মানববন্ধন

হবিগঞ্জের চুনারুঘাটে আমু চা বাগানের শ্রমিকরা সোমবার সকাল ৮ থেকে ১১ পর্যন্ত কল ঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। চিমটিবিল ক্যাম্পের বিজিবি সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে এ বিক্ষোভ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন- ইউপি মেম্বার চন্দ্র তাতী,  সাবেক মেম্বার যুবরাজ ঝরা ও সুধামা বর্মা, মহিলা মেম্বার বিজলা কানু, পঁঞ্চায়েত কমিটির সভাপতি ধনেশ্বর ভুনার্জী, সাধারণ সম্পাদক মহেশ্বর উরাং, হলেন মহালী, অসিদ মুন্ডা, ফুল কুমার শুক্লবৈদ্য, টুটুল মালি, সবুজ শুক্লবৈদ্য প্রমূখ।

বক্তারা বলেন, গত ২৭ মে ওই চা বাগানের সমরা মুন্ডার পুত্র সুমন মুন্ডাকে মাদক সহ গ্রেপ্তার দেখিয়ে একই বাগানের মৃত ফুলেন শুক্লবৈদ্যের পুত্র সবুজ শুক্লবৈদ্য, মৃত অবনি শুক্লবৈদ্যের পুত্র কান্তা শুক্লবৈদ্য ও মৃত লখিন্দর শুক্লবৈদ্যের পুত্র ফুলকুমার শুক্লবৈদ্যসহ বস্তির আরো দুজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করে বিজিবি। গ্রেপ্তারকৃত ৩জন এ ঘটনায় জড়িত ছিলো না। ঘটনার উল্লেখিত সময়ে ৩জন আলাদা আলাদা স্থানে ছিল। ফুলকুমার তার মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন বলে জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, চা-শ্রমিকরা চা- বাগানে গরু-বাছুর চড়ানো, কাঠ সংগ্রহ, ঘাস কাটাসহ ইত্যাদি কাজে গেলে বিজিবি চা-শ্রমিকদের ধরে মাদক মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছেন। তাই এই হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত