নবীগঞ্জ প্রতিনিধি

০১ জুন, ২০২১ ০০:২১

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তাণ্ডব: গ্রেপ্তার ৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তাণ্ডবের ঘটনায় রোববার রাতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় জামাল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ দিকে হামলায় বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত লোকজন। ঘটনাটি নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গত রোববার উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ চালানো হয়। হামলাকারীরা নগদ টাকা, প্রায় ৩ হাজার মন ধান, ৮টি টিউবওয়েল গরু-ছাগল, হাঁস-মুরগি লুট করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লেবু মিয়া (৩০), লেদু মিয়া (৩৫), নাঈম(১৭), মহিবুর রহমান মানিক (৪৩), জুলফু মিয়া (২৬), রকিব উল্লাহ (৬০) ও মামুন(২০) নামে ৭ জনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতীকের মালিকানাধীন মৎস্যখামারের পাহারাদার ও তার স্ত্রীকে মারধর করে নোয়াগাঁও গ্রামের কয়েকজন লোক। মারধরে আহত দম্পতি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা করেন নূর উদ্দিন।

এই ঘটনাকে কেন্দ্র করে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ ৬ মৌজার লোকজন মাইকিং করে ৩ কিলোমিটার দূরের আরেকটি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গিয়ে হামলা চালানো। দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে লণ্ডভণ্ড করে দেওয়া হয় পুরো গ্রাম।

এসময় অগ্নিসংযোগ করা হয় নোয়াগাঁও গ্রামের রমজান মিয়া, হেলাল মিয়া, লুৎফুর মিয়া, সাদ্দক মিয়া, কামাল মিয়া, মাদ্দক মিয়া, হিরন মিয়া, আব্দাল মিয়া, আফজল মিয়া, আওলাদ মিয়া, তাজুদ মিয়া, আজাদ মিয়া ও মুহিবুর রহমানের পাকা-আধা পাকা ঘর।

আপনার মন্তব্য

আলোচিত