নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২১ ১৫:২০

কোম্পানীগঞ্জে ছিনতাইকৃত দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩১ মে) দুপুরে সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জের বুড়ডহর গ্রামের আব্দুস সালামের ছেলে সজল আহমদ (২৪), সিলেটের ইসলামপুর এলাকার বদরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম রায়হান (২০), সিলেটের সুরমা গেইট এলাকার বশির আহমদের ছেলে আল আমিন হোসেন শিমুল (২০), একই এলাকার আব্দুল মোতালেব এর ছেলে জিহাদ (২০), কানাইঘাটের ঢালাইচর গ্রামের হারুনুর রশিদের ছেলে আলী হোসেন জনি (২৪), শিবনগর গ্রামের এবাদত রহমানের ছেলে মারুফ আহমদ (২৭), শ্রীপুর গ্রামের কুতুব আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে সন্ধ্যার সময় কোম্পানীগঞ্জ থানাধীন দয়ারবাজার পয়েন্ট হতে ভাড়ায় মোটরসাইকেল চালক কোম্পানীগঞ্জ কালীবাড়ি গ্রামের বিলাল আহমদকে এক ছদ্দবেশী ছিনতাইকারী ভাড়ায় বুড়িডহর গ্রামে যাওয়ার জন্য ৩৫০ টাকায় চুক্তি করে। রাত সাড়ে সাত ঘটিকার সময় সাইফুর রহমান ডিগ্রী কলেজের সামনে পূর্বের পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাত দুইজন ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দেয়, পরে যাত্রীবেশী ছিনতাইকারীসহ অজ্ঞাত দুইজন ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে বিলাল আহমদ এর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

পরে গত রোববার (৩০ মে) বিকাল পাঁচ ঘটিকা থেকে গতকাল সোমবার (৩১ মে) দুপুর দুইটা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (উত্তর), কোম্পানীগঞ্জ থানা এবং কানাইঘাট থানার কয়েকটি টিম কানাইঘাট থানা, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এবং কোম্পানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে উপরোক্তদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, এদের মধ্যে সজল আহমদ ঘটনার সময় সরাসরি ছিনতাইকাজে অংশ গ্রহণ করে। অপর আসামীরা পরস্পর যোগসাজশে ছিনতাইকৃত মোটর সাইকেল একে অপরে নিকট বিক্রি করেছে। সবশেষ বিবাদী মারুফের হেফাজত থেকে ভিকটিমের ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামী আল আমিন শিমুলের তথ্যের ভিত্তিতে অপর একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে যেটি আপাতত চোরাই মটর সাইকেল মর্মে মনে হচ্ছে।

পরে ভিকটিম বিলালের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানায় দণ্ড বিধি ৩৯৪,৪১১,৪১৪,৩৪ ধারার মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সজলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর কোতোয়ালি এবং এয়ারপোর্ট থানায় ইতিপূর্বে ছিনতাই (দ্রুত বিচার) সহ মোট ৮ টি মামলা রয়েছে। আসামী রায়হানের বিরুদ্ধে এসএমপি শাহপরান থানায় ২ টি দ্রুত বিচার এবং অপর একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আসামী দুলাল এর বিরুদ্ধে পুলিশ এসল্ট, হত্যা চেষ্টা সহ মোট ৪ টি মামলা রয়েছে।

আসামীদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সাম্প্রতিককালে কোম্পানীগঞ্জসহ বেশ কিছু এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপার মহোদয়ের ক্লোজ মনিটরিংয়ে কোম্পানীগঞ্জ, কানাইঘাট থানা এবং ডিবির কয়েকটি টিম বিরামহীন অভিযানে মূল ছিনতাইকারী সহ চক্রের সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে ২টি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অন্যান্য ছিনতাই কারী গ্রেপ্তারসহ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত