০২ জুন, ২০২১ ১৬:১০
সিলেটের গোলাপগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখার এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার(২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বুথে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তবে বুথে থাকা নগদ টাকার কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
রাতে বুথে থাকা ডিউটিরত সিকিউরিটি গার্ড মাহবুবুর রহমান বাবলু জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ দেখি বুথের ভিতরে আগুন লেগে গেছে। এসময় মার্কেটের মালিকের ছেলে তারেক আহমদ ফজরের নামাজে যাচ্ছিলেন।
তাৎক্ষণিক আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় যাই। সেখানে গিয়ে বিষয়টা অবগত করি এবং তারা গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস খবর দেয়। সেই সাথে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকেও বিদ্যুৎ বন্ধ করতে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই বুথে থাকা সব মূল্যবান মিশিন, কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র পুঁড়ে ছাঁই হয়ে যায়।
এ ব্যাপারে ডাচ্ বাংলা ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক চৌধুরী আবুল কালাম পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে আগুন লেগেছে। বুথে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে বুথের ভিতরে থাকা নগদ টাকার কোন ক্ষতি হয়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি পরিমাণ পরে জানানো হবে।
আপনার মন্তব্য