নবীগঞ্জ প্রতিনিধি

০২ জুন, ২০২১ ১৮:৪৭

নবীগঞ্জে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুন) বিকেলে পালিয়ে যাওয়ার সময় নবীগঞ্জ থানা ও হবিগঞ্জ ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ডালিম আহমদ।

গ্রেপ্তারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫০) উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় জড়িতদের গ্রেপ্তারে বেশ কয়েকদিন ধরে সাড়াঁশি অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদের নেতৃত্বে থানার উপ পরিদর্শক এস আই সমীরণ চন্দ্র দাশ সহকারে একদল পুলিশ বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে পূর্ব শক্রতার জেরে উপজেলার গজনাইপুর ইউপির সাতাইহাল ৬ মৌজার শসস্ত্র লোকজন প্রায় ৩ কি. মি. দূরে অবস্থিত পানিউন্দা ইউপির নোয়াগাঁও রুক্ষারহাওর পাড়ের মানুষদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিকাণ্ডসহ নারকীয় তাণ্ডব চালায়। এতে ১৩টি বাড়িঘর পুড়ে ছাই হয়। লুটপাট করে নেওয়া হয় গরু, ছাগল, হাঁস মুরগিসহ বিপুল পরিমাণ ধান ও আসবাবপত্র। ক্ষতি হয় প্রায় কোটি টাকা। এ ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় গজনাইপুর ইউপির বহিষ্কৃত চেয়ারম্যান ওউপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদসহ ৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত