সিলেটটুডে ডেস্ক

০৩ জুন, ২০২১ ০২:১৯

কোম্পানীগঞ্জে টোল আদায়ের কার্যালয় ভাঙচুর ও ক্যাশবাক্স লুটের অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু মহাল ইজারাদারের কার্যালয়ে ভাংচুর ও ক্যাশবাক্স লুটের অভিযোগ পাওয়া  গেছে। এতে আহত হয়েছেন ৩ জন।

বুধবার কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর কালাসাদক এলাকায় এই ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ভূক্তভোগীদের।

কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর কালাসাদক ও তৈমুর নগর মৌজা এলাকার বালু মহাল ইজারাদার মের্সাস তুহিন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী প্রদীপ কুমার দে।

উজারাদার প্রদীপ কুমার দে অভিযোগ করে বলেন, উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একাধিক হত্যা মামলার আসামি কাজী আব্দুল ওয়াদুদ আলফু ইজারাদারের লোকজনকে হুমকি প্রদান করতে থাকেন।  বুধবার দুপুর আড়াইটার সময় আলফুর নেতৃত্বে ৩০-৪০ জন লোক এসে চাঁদা দাবি করে। এসময় সন্ত্রাসীরা টোল আদায়ের জন্য নির্মিত অস্থায়ী কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও এলোপাতাড়ি হামলা চালায়। তাদের হামলায় টোল আদায়ে সম্পৃক্ত ৩ জন গুরুতর আহত হন।  তারা হলেন, আবাছ আলী (৪৫), কমর আলী (৪০) ও রুহেল মিয়া (২৫)। হামলাকারীরা টোলের ক্যাশ বাক্স ছিনিয়ে নিয়ে যায় ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে এঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে বর্ণী এলাকায় সড়ক অবরোধ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার ব্যাপারে একজন আমাকে ফোন করে বলেছেন। এরপর সহকারী ভূমিকর্মকতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম টোল আদায়ের বিষয়টি যাচাই করতে’। তিনি বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে’।

এ ব্যাপারে আব্দুল ওয়াদুদ আলফু বলেন, ‘আমি কোথাও কোন হামলা চালাইনি। কারো কাছে চাঁদাও চাইনি। এটি  সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

আপনার মন্তব্য

আলোচিত