০৩ জুন, ২০২১ ১৯:১৭
বিয়ের প্রলোভন দিয়ে অপহরণের অভিযোগে সিলেট নগরীর গোয়াবাড়ী এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। এসময় গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনি থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়।
বুধবার (২ জুন) রাত ১টার দিকে পুলিশ এই অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম ঝলক দাস (২১) ও পলক দাস (২২)। তারা উভয়ই সুনামগঞ্জের দিরাই উপজেলার সিংনাথ রাজনাউ গ্রামের প্রকৃত দাসের ছেলে। বর্তমানে তারা সিলেটের জালালাবাদ থানার গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার (২ জুন) রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন উদ্ধারকৃত কিশোরীর পিতা। তিনি অভিযোগ করেন গত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানা এলাকা থেকে তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে দুই যুবক। তারা ওই কিশোরীকে একটি সিএনজি অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখেছে। এই মামলার প্রেক্ষিতে ওই রাতেই অভিযানে নামে জালালাবাদ থানা পুলিশের একটি দল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. আশরাফুল সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ঝলক দাস ও পলক দাসকে গ্রেপ্তার করেন। এবং সেই সাথে তাদের হেফাজত থাকা কিশোরীকে (১৭) উদ্ধার করেন।
বিষয়টি থানার বর্তমান চার্জ অফিসার জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আবু খালেদ মামুন নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য