বড়লেখা প্রতিনিধি

২৮ জুন, ২০২১ ২০:৪২

বড়লেখায় জিম্মি রেস্টুরেন্টসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমিত পরিসরে লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে জিম্মি রেস্টুরেন্টসহ ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে আজ সোমবার সীমিত পরিসরে সরকারঘোষিত লকডাউন চলছে। আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হবে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে বড়লেখা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্রেতাদের বসিয়ে খাওয়ানোর দায়ে শহরের জিম্মি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মেনে মালামাল বিক্রি করায় মেসার্স সামছু ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় চম্পু চক্রবর্ত্তীকে ১ হাজার (ক্রোকারিজ দোকানের মালিক) ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ পথচারী ও গণপরিবহনকে ৩ হাজার ১৫০ টাকাসহ মোট ১৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে আরো জানা গেছে, অভিযানের সময় জিম্মি রেস্টুরেন্টে নিষেধাজ্ঞা অমান্য করে ক্রেতাদের বসিয়ে খাওয়াতে দেখা যায়। এখানে স্বাস্থ্যবিধির ছিটেফোঁটাও ছিল না। ছিল না হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। এমনকি রেস্টুরেন্টের ব্যবস্থাপক ও অনেক কর্মীর মুখেও মাস্ক ছিল না।

অভিযানে অংশ নেন বড়লেখা উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ প্রমুখ।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বিধিনিষেধ কার্যকর করতে পৌর শহরে অভিযান চালানো হয়। এসময় ১২ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়। বিধিনিষেধ মানতে মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি। যাঁরা বিধিনিষেধ মানেনি, তাঁদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনেছি।’

আপনার মন্তব্য

আলোচিত