কমলগঞ্জ প্রতিনিধি

২৮ জুন, ২০২১ ২২:২৯

কমলগঞ্জে ছুরিকাঘাতে কৃষক খুন, আটক ১

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় ছুরিকাঘাতে শহীদ মিয়া নামে এক কৃষক খুন হয়েছেন।

সোমবার (২৮ জুন) বিকেল ৪টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া ওই এলাকার হাসিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শহীদ মিয়ার ধান ক্ষেতে ধান খাচ্ছিল কাঁঠালকান্দি গ্রামের দুদু মিয়ার একটি ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া শহীদ মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুদু মিয়াকে আটক করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই শহীদ মিয়ার মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত