নবীগঞ্জ প্রতিনিধি

২৯ জুন, ২০২১ ২১:১২

নবীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য: ৭ প্রতিষ্ঠানে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলেন ব্যবসায়ীরা। বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে বিকেলে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ ৭টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আমীর হামজা প্রমুখ অংশ নেন।

নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, ‘সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য

আলোচিত