০১ জুলাই, ২০২১ ১৯:২৯
করোনার সংক্রমণরোধে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনেই গোলাপগঞ্জের রাস্তাঘাট, হাট-বাজার পুরোপুরি ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের মতো সড়ক ও হাটবাজারে নেই মানুষজনে আনাগোনা। জরুরি সেবা ব্যাতীত সব ধরনের দোকানপাট ও মার্কেট রয়েছে বন্ধ।
বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গণপরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। পণ্যবাহী পরিবহনের গাড়ি, রিকশা ও ইজিবাইক ছাড়া আর কোন যান চলাচল করছেনা উপজেলার সড়কগুলোতে। মাঝেমধ্যে মোটরসাইকেল চলাচল করলেও তাদের আটকিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুেলোতে চেকপোস্টের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে।
এদিকে লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। গোলাপগঞ্জ বাজার, ঢাকাদক্ষিণ বাজার, হেতিমগঞ্জসহ বিভিন্ন স্থানে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।
এসব অভিযানে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ও বাংলাদেশ সেনাবাহীনির একটি টিম।
এসময় স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গোলাপগঞ্জের আমার বাড়ি রেষ্টুরেন্টকে ৫হাজার টাকা, বনরাজ রেষ্টুরেন্টকে ৩হাজার টাকাসহ বিভিন্ন অপরাধে ২৩টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন পালনে প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে।
আপনার মন্তব্য