বড়লেখা প্রতিনিধি

০১ জুলাই, ২০২১ ২০:৪৯

লকডাউন কার্যকরে বড়লেখায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া লকডাউন কার্যকরে বড়লেখায় কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন অকারণে মানুষের চলাচল নিয়ন্ত্রণে সকাল থেকে বড়লেখার চান্দগ্রাম, দক্ষিণভাগ ও বড়লেখা থানা এলাকায় পুলিশের চেকপোস্ট বসে।

সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়। এসময় করোনার বিস্তার ঠেকাতে ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।



এতে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মো. মাহাদী হাসান, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, জুড়ী সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও  বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে মাঠে কাজ করেছে। বিধি নিষেধ যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় এজন্য মনিটরিং করা হচ্ছে। প্রথম দিন পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার এলাকায় টহল দেওয়া হয়েছে। মানুষের সমাগম খুব দেখা যায়নি। যেখানে যেখানে দেখা গেছে মানুষকে সতর্ক করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে থাকবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। কেউ যদি সরকারি বিধি নিষেধ লঙ্ঘনের চেষ্টা করে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত