০৪ জুলাই, ২০২১ ১৪:৪৩
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে আজ। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার সকাল থেকেই জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বাজারে টহল দিতে দেখা গেছে তাদের। গত দু'দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের সচেতনতার পাশাপাশি ক্ষেত্র বিশেষে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
কঠোর লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যবিধি না মেনে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ ব্যক্তির নিকট হতে ২হাজার ৩শ' টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ জৈন্তাপুর বাজার, বাংলাবাজার, দরবস্ত বাজার, হরিপুর বাজার, চিকনাগুল বাজার এবং উপজেলার গুরুত্বপূর্ণ পর্যটন পয়েন্ট গুলো পরিদর্শন করেন। তিনি সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক বলেন, ‘কঠোর লকডাউন চলাকালীন জনস্বার্থে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
লকডাউন মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।
আপনার মন্তব্য