নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২১ ২২:০৭

চুনারুঘাট থেকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

র‌্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ জুলাই) সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।

র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের পুরাউনিরমুখ নামক স্থানে শায়েস্তাগঞ্জ টু চুনারুঘাটগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ২ লক্ষ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, মো. সিরাজুল ইসলাম (৪৪), পিতা-মৃত চান্দা আলী, সাং-নোয়াগাঁও, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় আলামত, মাদক ও ধৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

আপনার মন্তব্য

আলোচিত