সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০২১ ১৭:৫৫

শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

একদিনে মৃত্যু ১৬৪, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৯৯৬৪ জনের শরীরে।

একদিনের হিসাবে শনাক্ত ও মৃত্যুতে এটি রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয় দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশের ৬০৫টি ল্যাবে করোনার ৩৪ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ২৯ দশমিক ৩০ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সুস্থতার হার ৮৮.৮৭ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ১০৯ জন; নারী ৫৫ জন। তাদের মধ্যে বিশোর্ধ্ব ৪, ত্রিশোর্ধ্ব ১২, চল্লিশোর্ধ্ব ১৮, পঞ্চাশোর্ধ্ব ৪৭ ও ষাটোর্ধ্ব ৮৩ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপরই রয়েছে ঢাকা বিভাগ, ৪০ জন। এ ছাড়া, রাজশাহীতে ১৬, চট্টগ্রামে ১৮ জন, বরিশালে ৯, সিলেট ৮, রংপুর বিভাগে ১৬ ও ময়মনসিংহে বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর সংবাদদেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে ভাইরাসটির প্রাদুর্ভাবের কথা ঘোষণা করে।

পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ৪ জানুয়ারি থেকেই দেশের বিমানবন্দরসহ সব স্থল ও নৌবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং শুরু করে। ওই বছরের ৪ মার্চ সমন্বিত করোনা কন্ট্রোল রুম চালু করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত