০৫ জুলাই, ২০২১ ১৮:১৩
সুনামগঞ্জের ছাতকে টহলরত অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জুলাই) রাতে ছাতকের চেলা নদীর নিয়ামত পুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এতে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, কনস্টেবল সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান, সৈকত কুমার দেব আহত হয়েছেন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, চেলা নদী সংলগ্ন ছাতক বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন একদল বালু উত্তোলনকারী। ছাতক বন বিভাগ থেকে পাওয়া খবরে রোববার এ এলাকা পরিদর্শনে যায় নৌ পুলিশ। পরিদর্শন শেষে ফেরার পথে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পিছন থেকে পুলিশের উপর হামলা করে বালু উত্তোলনকারীরা। এতে মামলার নথিপত্র, পুলিশের ৮টি মোবাইল, তিনটা হ্যান্ডকাফ লুটের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার (০৫জুলাই) দুপুরে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন, নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন। পরে তিনি হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারী যতই প্রভাবশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য