০৫ জুলাই, ২০২১ ২০:২৭
শাটার বন্ধ করে ভেতরে চলছিল বেচাকেনা। তখন উপস্থিত হলেন ভ্রাম্যমাণ আদালত। তাই ব্যবসায়ীকে গুণতে হয়েছে জরিমানা।
সোমবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর পুরোনাবাজারে এই ঘটনা ঘটে।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্টে অফিসার শামছুজ্জামানের উপস্থিতিতে একদল সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকানপাট বন্ধ করে সটকে পড়েন। বাজারের লিলিমা র্গামেন্টের দোকানদার ভ্রাম্যমাণ আদালতের টের পেয়ে দোকানের শাটার বন্ধ করে ভেতরে পণ্য বিক্রি করছিলেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত এসে উপস্থিত। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ওই দোকানদারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় আরও দুই ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতরণসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি।’
আপনার মন্তব্য