নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২১ ২০:৫৪

সিলেটে টিসিবির লাইনে ভিড় করছেন মধ্যবিত্তরাও

করোনার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধে নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে পণ্য দিতে আবার ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (৫ জুলাই) সারা দেশের ন্যায় সিলেটেও কার্যক্রম শুরু করে টিসিবি। সিলেটে নগরীর বিভিন্ন পয়েন্টে কম দামে চিনি, ডাল, তেল কিনতে নিম্নবিত্তদের পাশাপাশি ভিড় করেছেন মধ্যবিত্তরাও।

সিলেট নগরের রিকাবীবাজার, মদিনামার্কেট, আম্বরখানা, বন্দরসহ ৬টি এলাকায় ৬টি ট্রাকে করে ডিলাররা তিন ধরনের পণ্য বিক্রি করবেন বলে জানান টিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট নগরের রিকাবীবাজার, মদিনামার্কেট, বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে করে ডিলার টিসিবির পণ্য বিক্রি করছেন। এই সময় শতাধিক ক্রেতা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। ক্রেতাদের মালামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছিল বিক্রেতাদের। তবে ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেক উদাসীনতা লক্ষ্য করা যায়।

সোমবার (৫ জুলাই) সিলেট নগরের রিকাবীবাজার, মদিনামার্কেট, বন্দর এলাকায় ট্রাকে করে ডিলারদের টিসিবির পণ্য বিক্রি করেছেন। বাজার থেকে তুলনামূলক দাম কম হওয়ায় শতাধিক ক্রেতা দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে দেখা যায়। ক্রেতাদের মালামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছিল বিক্রেতাদের। তবে এসময় ক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেক উদাসীনতা লক্ষ্য করা যায়।

নগরীর আখালীর নেহারীপাড়ার বাসিন্দা গৃহিনী সুরাইয়া আক্তার বলেন, বাজারে তেল, চিনি, ডালের দাম টিসিবির চেয়ে তুলনামূলক অনেক বেশি। তাই তেল, ডাল কিনতে এসেছে। ১ ঘণ্টা যাবত লাইনে আছি। একটু কষ্ট করছি যেন দোকান থেকে বাড়তি টাকা দিয়ে তেল ডাল কিনতে না হয়।

সিলেট বিভাগের টিসিবি আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চার জেলায় ২৫টি ট্রাকে করে টিসিবির মালামাল বিক্রি হবে। এরমধ্যে সিলেট নগরীতে ৬টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। টিসিবির পণ্যে, প্রতি লিটার তেলের দাম ১০০ টাকায় , ডাল ৫৫ টাকা ও চিনির ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে, সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রি ও ক্রয় করার করার নির্দেশনা রয়েছে।

এ ব্যাপারে সিলেট বিভাগের মৌলভীবাজার শেরপুর টিসিবি আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ মো. ইসমাইল মজুমদার বলেন, সিলেটে টিসিবির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। বর্তমানে টিসিবির পণ্যের চাহিদা অনেক। চাহিদা অনুযায়ী মজুদও আছে অনেক। যে পরিমাণ পণ্য আছে ২৯ জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে এ কার্যক্রম বন্ধ থাকবে। পরে আবার চলবে।

তিনি বলেন, একটা সময় ছিল, যখন মানুষজন মনে করতেন শুধুমাত্র নিম্ন আয়ের মানুষজন টিসিবির পণ্য কিনেন। কিন্তু বর্তমানে বাজারের ঊর্ধ্বগতির কারণে টিসিবিমুখী হচ্ছেন সকল শ্রেণি পেশার মানুষ। তাই সিলেট ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য কিনতে দিন দিন ক্রেতাদের ভিড় বাড়ছে। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পণ্য ক্রয় ও বিক্রয় করার আহবান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধির ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নজরদারী করতে হবে। এক্ষেত্রে পণ্য ডিলাররা কিছু করতে পারবেন না। স্থানীয় জেলা, উপজেলা প্রশাসনেরও মনিটরিং থাকে। কিন্তু স্বাস্থ্যবিধি সবাইকে ব্যক্তিগতভাবে মানতে হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত