০৬ জুলাই, ২০২১ ১৯:২৬
দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ী সমাজ। করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অক্সি ফ্লু মিটার, রিব্রেথার মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ইত্যাদি সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকাল ৫টায় এসসিসিআই কোভিড সহায়তা ফান্ড থেকে সহায়তা প্রদান কর্মসূচীর অংশ হিসেবে চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।
সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের নিকট অক্সি ফ্লু মিটার, রিব্রেথার মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ইত্যাদি প্রদান করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সহ সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক তাহমিন আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় হাসপাতালের অধীক্ষক করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এসব উপকরণ সরবরাহের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য