০৭ জুলাই, ২০২১ ১৫:২৪
হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসার ২ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রহিমুনেছা দারুল সুন্নাহ্ কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শিক্ষক হাফেজ আব্দুল হান্নান(৩০), নসু মিয়া(৫৫), মাওলানা আব্দুল্লাহ, আবু রায়হান(১২), জাকারিয়া(১৬), সাকিব(১০), সিরাজুল ইসলাম(১২), আব্দুল কাইয়ুম(১৩), হৃদয় মিয়া(১৩), মাসুদ মিয়া(১২), সামি মিয়া(১০), নাঈম হোসেন(১১), রাব্বি(১০), মনির হোসেন (৮), আদিল মিয়া(১২), আরমান মিয়া(১২), ইমন মিয়া(১২), রোমান(৯), নাজু(১০), আমির হামজা(৬), ইকরাম হোসেন(১২), শাওন(৮), সবুজ ইসলাম(১১), জীবন(৮) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাফিজিয়া বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হান্নান জানান, আমরা মাদ্রাসার দাতা পরিবার। আমাদের উচ্ছেদ করার জন্যে দীর্ঘ দিন যাবত পায়তারা করছে। মাদ্রাসার কওমি বিভাগের শিক্ষকরা জোর করে ওযু খানায় গ্রিল লাগাতে চাইলে আমরা বাঁধা দেই এ নিয়ে বিরোধ হয় এবং হাফিজিয়া বিভাগের ছাত্ররা বিকেলে ফুটবল খেলার সময় একটি বল তাদের ঘরে পড়ার কারনে তারা হুট করে লাটিসোটা নিয়ে আমার ছাত্রদের উপর আক্রমণ করে। এতে তাদের থামাতে গেলে তিনিও আহত হন।
অপরদিকে কিতাব (কওমি) বিভাগের শিক্ষক মাওলানা হোসাইন আহমেদ জানান, হান্নান নামে একটি ছেলে আমাদের কাছে একটু জায়গা চাইলে আমরা তাকে সুযোগ দেই। পরে সে আমাদের মাদ্রাসার ঘর ছাড়তে বললে আমরা তার কথা মত ঘর ছেড়ে দেই। তারপর এখান থেকে আমাদের চলে যেতে বলে। আমরা চলে না যাওয়ায় আমাদের উপর হামলা করেছে।
মাদ্রাসার হাফিজিয়া বিভাগের (একাংশের) সভাপতি ইবাদুর রহমান বিল্লাল বলেন, দীর্ঘ দিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। গতকাল তারা জোর করে ওযু ও গোসল খানায় গ্রিল লাগাতে গেলে আমাদের হাফিজিয়া বিভাগের শিক্ষকরা বাঁধা দিলে তারা আমাদের শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা করে। বর্তমানে অনেকেই চিকিৎসাধীন আছে।
মাদ্রাসারা কিতাব বিভাগের (অপরাংশের )সভাপতি চৌমুহনী ইউ/পি সদস্য জসীম উদ্দিন মেম্বার বলেন, দীর্ঘ দিন যাবত মাদ্রাসা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দরখাস্ত করেছি। মাদ্রাসার পানি নিষ্কাশনের রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার কিতাব বিভাগে পানি ডুকে গেছে এ নিয়ে বিরোধ হয়েছে এবং মাদ্রাসার ছাত্ররা ফুটবল খেলতে গিয়ে কথা কাটাকাটি করে। হাফিজিয়া বিভাগের ছাত্র শিক্ষক মিলে আমাদের ছাত্র এবং শিক্ষকদের হামলা করে। ইটপাটকেল নিক্ষেপ করে। বর্তমানে আমাদের অনেকেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই বিভাগের ২ শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই বিভাগের ছাত্ররা ইট পাটকেল নিক্ষেপ করে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য