১৭ জুলাই, ২০২১ ০০:২৩
বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করা এবং ৫০ লাখ চালক ও তাদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় পাঁচ দফা দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় নগরীর আম্বরখানা এলাকায় রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়েছে। এতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট সদর শাখার সভাপতি আব্দুল কদ্দুসের সভাপতিত্বে এবং সংগঠক প্রণব জ্যোতি পালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, খাদিম নগর ইউপির সভাপতি রেশাদ আহমদ, মহানগরের আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম, শহিদ ও সাধারণ সম্পাদক কোরবান আলী, স্বপন আহমদ, সাহেদ, মাসুদ আহমদ প্রমুখ।
বক্তারা, করোনার মধ্যে সিটি কর্পোরেশন কর্তৃক রিকশা চালকদের হয়রানি ও রিকশা আটক বন্ধ করার আহবান জানান।
বক্তারা অবিলম্বে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক, ক্ষুদ্র মালিক ও এর সাথে যুক্ত অসংখ্য মানুষের জীবন-জীবিকার স্বার্থে ব্যাটারিচালিত যানবাহনের চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগনের সস্তা, সহজলভ্য বাহন হিসেবে এর নকশা আধুনিকায়ন এবং ব্রেক ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা এবং ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান করাসহ ৫ দফা দাবি জানান।
আপনার মন্তব্য