১০ অক্টোবর, ২০২১ ২২:০১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ এখন আর উন্নয়নশীল রাষ্ট্র নয়, প্রতিনিয়ত বিশ্ব পরিমন্ডলে নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়া উন্নত দেশের নাম বাংলাদেশ। একটি উন্নত আধুনিক রাষ্ট্রের খুব কাছাকাছি এখন বাংলাদেশ।
তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ উন্নয়নের নির্দিষ্ট কক্ষ পথে এগিয়ে যাচ্ছে লাল সবুজের পতাকার বাংলাদেশ। আর দেশের এই উন্নয়ন আর সফলতার জন্য যিনি নিরলসভাবে কাজ করছেন তিনি হলেন শেখ হাসিনা। জাতির পিতার তনয়া জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের আজকের এই বিনির্মানের মহানায়ক। সরকারের সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন হিসেব কষে দেখুন আওয়ামীলীগ ততা শেখ হাসিনার নেতৃত্বে দেশ কতটা উন্নত হয়েছে।
তিনি রবিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদ উৎসব দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
দেশের সর্বত্রই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে দাবি করে মন্ত্রী ইমরান আহমদ বলেন, জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন এ সরকারের পাশে আছে বলেই দেশ আজ একটি উন্নত রাষ্ট্রের গন্ডিতে প্রবেশ করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ সমর্থন করে আসছে। লাখো শহীদের পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কখনো সাম্প্রদায়িক বা কোন জাতিগোষ্টির দ্বারা পরিচালিত হতে পারে না। সকল জাতি, ধর্মবর্ণ নির্বিশেষ সকলে যার যার অধিকার নিয়েই এদেশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও তা বহমান থাকবে।
অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ‘এই দেশকে আমরা সকলে একসঙ্গে গড়ে তুলতে চাই। তাই দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা দরকার।
গোয়াইনঘাটের ৩৭ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে জেনে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন সবকটি পূজামন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন।
গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুৃমার সিংহ,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ, গোয়াইনঘাট উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন প্রমুখ।
আপনার মন্তব্য