নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৬ ১৮:৫৫

সাধক-শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকীতে তিনদিব্যাপী বর্ণাঢ্য আয়োজন

​রং, রেখা ও সুরের এক অনন্য সাধক শিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী। ক্যানভাসে যেমন তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক শিল্পভুবন, তেমনি গিটারের তারে তারে ছড়িয়ে দিয়েছেন অনুভূতির মূর্ছনা।

চিত্রকলা ও সংগীত—দুই ধারার সৃজনশীলতায় তিনি হয়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমণ্ডলের এক স্বতন্ত্র ব্যক্তিত্ব।

গুণি এই শিল্পীর সত্তরতম জন্মদিন ৩০ জুন (মঙ্গলবার)। তার এই সত্তরে পদার্পন উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ‘শিল্পী হ্যারল্ড রশীদের ৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন পরিষদ’। ‘সত্তরে হ্যারল্ড’ নামে এই আয়োজন সোমবার শুরু হয়ে শেষ হবে বুধবার।

এই আয়োজনে থাকবে শিল্পকর্ম প্রদর্শনী, শিল্পী-আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের নানা অনুষঙ্গ।

​শিল্পীর সুদীর্ঘ সৃজনযাত্রাকে সম্মান জানাতে এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করবেন দেশের খ্যাতিমান শিল্পী ​আবুল বারাক আলভী, ​শিশির ভট্টাচার্য্য ও ​নিসার হোসেন।

আয়োজকরা জানান, সোমবার (২৯ জুন) হ্যারল্ড রশীদের একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে জন্মদিনের এই আয়োজন শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় নগরের টিবি গেইট এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসের অরবিন্দ দাসগুপ্ত ভবনে চিত্রপ্রদর্শীর উদ্বোধন হবে। বুধবার পর্যন্ত চলা এ প্রদর্শনী প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিকথন, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্যেমে জন্মদিন উদযাপন করা হবে।

আর অনুষ্ঠানের শেষ দিন বুধবার (১ জুলাই) বিকেল ৫ টায় নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজে হ্যারল্ড রশীদের শিক্ষার্থীদের সম্মিলিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এই প্রদর্শনীও রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, ​শিল্পীর সৃজনযাত্রাকে সম্মান জানাতে, তাঁর শিল্পকর্ম ও জীবনদর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই জন্মদিনের এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

​শিল্প, সুর ও সৌন্দর্যের এই উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আপনার মন্তব্য

আলোচিত