১০ জুন, ২০২২ ১১:০৬
বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ইউনাইটেড চন্দরপুর।
সিলেটের বিয়ানীবাজারের চন্দরপুর গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানের মাঝে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ সহায়তা তোলে দেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।
বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ নাজমুল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবির আহমদ চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, এ কে এম কিবরিয়া, স্বপন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসে থাকা চন্দরপুর গ্রামবাসী দেশের নানা দুর্যোগে সবসময়ই এগিয়ে এসেছেন। করোনা অতিমারি, বন্যাসহ নানা সময়ে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা দিয়ে আসছেন। এজন্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী চন্দরপুর গ্রামবাসীদের তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও সহায়তার এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে চন্দরপুর ও পূর্ব আলীনগরের সত্তর জন মানুষ নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন।
দিনের অপর এক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এ সহায়তা প্রদান করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি হাজী আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য