নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬ ২২:২৪

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব শুক্রবার

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক বাছাই পরীক্ষা আগামী ২৪ জুলাই (শুক্রবার) সিলেট সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বিভিন্ন দিক তুলে ধরে গত সোমবার সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, সিলেটের আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য এবং সদস্য ফুজায়েল আহমদ। তারা জানান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চা ও এর প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে সংগঠনটি বিজ্ঞানবিষয়ক প্রকাশনা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান প্রচার কার্যক্রম, স্পেস ফেস্টিভ্যালসহ নানা আয়োজনের মাধ্যমে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।

বক্তারা জানান, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট আঞ্চলিক বাছাইপর্বে নির্বাচিত প্রতিযোগীরা আগামী ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় পর্বে নির্বাচিতদের নিয়ে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্প থেকে ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হবে, যারা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে জ্যোতির্বিজ্ঞান কেবল একটি বিষয় নয়; এটি বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও গবেষণার সমন্বিত একটি ক্ষেত্র। অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন নয়, বরং আগামী প্রজন্মের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা।

মতবিনিময় সভায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ইউএনবির মো. মহসিন, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি দেবাশীষ দেবু, বাংলা টিভির কাইয়ুম উল্লাস, আজকের সিলেট-এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভবরঞ্জন মৈত্র বাপ্পাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত