১২ জুন, ২০২২ ২২:৩১
শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব পংকি খান (৮৫)। রোববার (১২জুন) দুপুর আড়াইটায় বিশ্বনাথ পৌর শহরের দারুল উলূম কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে।
রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও দূর -দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশ নেন। এরপর বিকেল ৩টায় তাঁর গ্রামের বাড়ি পৌর শহরের জাহারগাঁও জামে মসজিদে ২য় জানাজার নামাজের পর বিকেল সাড়ে ৩টায় তাকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এর আগে পংকি খানের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, থানা প্রশাসনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
জানাজার আগে স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ চেয়ারম্যান, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, পংকি খানের বড়ছেলে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান খানসহ বিশিষ্টজনেরা।
এদিকে, পংকি খানের মৃত্যুতে উপজেলায় নেমে এসে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বনাথ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্ধদিবস বন্ধ রাখা হয়। তার মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাছাড়া পৌর শহরের সর্ববৃহৎ আল-হেরা শপিংসিটি বন্ধ রেখে তিন দিনের শোক ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান পংকি খান। তিনি জাহারগাঁওয়ের মৃত হাছন খানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মন্তব্য