১৩ জুন, ২০২২ ১৩:৪৬
সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার শ্রীধরা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম আহমদ আল আবী (১৩)। সে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দরজা খুলে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘর থেকে আহমদ আল আবীর ট্যাব জব্দ করে পুলিশ। আবী মোবাইল গেমের প্রতি আসক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এমন কোনো গেম খেলেই হয়তো সে আত্মহননের পথ বেঁছে নেয়।
স্বজনরা জানান, পরিবারের সবাই আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আহমদ আল আবী। সে কলাপসিবল গেটে তালা দিয়ে ঘরের ভেতর একা ছিল।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট। তবে কি কারণে সে আত্মহনন করেছে, সেটি ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে জানা যাবে। ওই স্কুলছাত্রের পরনে ছিল তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। মরদেহ ঝুলন্ত অবস্থায় ওড়না গিয়ে মুখ ঢাকা ছিল।
আপনার মন্তব্য