রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১২ অক্টোবর, ২০২৪ ২২:৩৯

মণ্ডপে-মণ্ডপে দর্শনার্থীর ঢল

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপে-মণ্ডপে ঢল নেমেছে দর্শনার্থী ও ভক্তদের।

শনিবার (১২ অক্টোবর) সরেজমিনে বিভিন্ন মণ্ডপ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, বাসুদেব বাড়ির আনন্দময়ী পূজা মণ্ডপ, বাসুদেব বাড়ি মন্দির, মজাজনবাড়ি, অনিল দেব বাড়িসহ বিভিন্ন মণ্ডপে ঢল নামে লোকজনের। তবে সদরের কেন্দ্রীয় জগন্নাথপুর জিউর আখড়া ও বাসুদের বাড়ির আনন্দময়ী পূজামণ্ডপে ছিল উপচেপড়া ভিড়। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি পূজা দেখতে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান উপভোগ করতে ভিড় ছিল মুসলমানদেরও। পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবার বসেছে মেলা। মেলায় কেনাকাটা করছেন হিন্দু, মুসলমানরা সমানতালে।

পূজা আয়োজন কমিটির লোকজন জানিয়েছেন,শনিবার ছিল পূজার মহানবমী। এদিনে জগন্নাথপুরের বিভিন্ন দুর দূরান্ত থেকে দর্শনার্থী ও ভক্তদের উপচেপড়া ঢল নামে। ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতি মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ এলাকা।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সতীশ গোস্বামী জানান, এবার পূজা নিয়ে দেশে কিছুটা উদ্বেগ থাকলেও জগন্নাথপুর উপজেলায় কোন শঙ্কায় নেই। কারণ যুগ যুগ ধরে এখানে সম্প্রীতি বিরাজ করে আসছে। পূজার সার্বিক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খোঁজ খবর নিচ্ছেন। জানাচ্ছেন শুভেচ্ছা। কোথাও কোনো সমস্যা হয়নি। উৎসবমুখর পরিবেশেই চলছে দুর্গোৎসব।

পূজা উদযাপন কমিটির সূত্র জানায়, এবার জগন্নাথপুরে ৪১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব গত বুধবার থেকে শুরু হয়েছে। এরমধ্যে প্রতিটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে। প্রতিটি মণ্ডপ বর্ণিল সাজে সাজানো হয়॥ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব চলছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি পূজা মণ্ডপে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছেন।

আপনার মন্তব্য

আলোচিত