নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৫ ১৬:১৯

নগরী থেকে সিসিক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাহিম সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানি শাখায় কর্মচারী।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ওসি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ কাজিটুলার লোহারপাড়া এলাকার ১৮ নম্বর বাসায় গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারী ফাহিমকে দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ফাহিম আহমদ সিলেট সিটি করপোরেশনের পানি শাখায় কর্মচারী হিসেবে কাজ করতেন এবং লোহারপাড়ার ১৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা ফাহিমের রুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ দেখতে পান। একাধিকবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফাহিমকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত