নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫ ১৮:০৯

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের

বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেট-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের তিনটি বাগানের চা শ্রমিকেরা।  

রবিবার দুপুর ১টায় শ্রমিকরা নগরের চৌকিদেখিতে আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এসময় ২০ সপ্তাহের বকেয়া মজুরি প্রদানের দাবি জানান তারা। এরআগে সকাল থেকেই বিক্ষুব্ধ চা শ্রমিকেরা সড়কে জড়ো হতে শুরু করেন। এতে সিলেটের বুরজান চা-কোম্পানির অধীনস্থ তিনটি চা বাগান বুরজান, ছড়াগাঙ, কালাগুল ও বুরজান কারখানার শ্রমিকরা অংশ নেন। এছাড়া লাক্কতুরা ও মালনীছড়া বাগানেরও কিছু শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।

পরে দাবি পুরণের প্রশাসনের আশ্বাসের পেক্ষিতে চা শ্রমিকদের ৫জন প্রতিনিধি উপজেলা প্রশাসন কার্যালয়ে যান। আর বাকি শ্রমিকরা বেলা ৩টার দিকে সড়কের অবরোধ সরিয়ে পার্শ্ববর্তী মালনীছড়া চা বাগানে বিক্ষোভ মিছিল করে  অবস্থান নেন।

লিখিত প্রতিশ্রুতি হাতে না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

দুপুর থেকে শুরু হওয়া অবরোধের ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় চা শ্রমিক নেতা অজিত রায় বলেন, ৫মাস যাবত আমাদের বেতন বন্ধ, রেশন বন্ধ। আমাদের একটাই কথা, আমাদের সমস্যা সমাধান করতে হবে। অন্যথায় আমরা রাস্তা ছাড়বো না। আপনারা আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, আমরা বিভিন্ন সময়ে জানিয়ে আসছি আমাদের সমস্যাগুলো। কিন্তু কেউ কোন পদক্ষেপ নেয়নি। আজ দাবি পুরণের লিখিত প্রতিশ্রতি না পেলে আমরা আন্দোলন বন্ধ করবো না।

 তিনি আরও বলেন, কতগুলো মানুষ না খেয়ে রয়েছে, কার্ড নিয়ে গেলেও তাদের রেশন দেওয়া হয় নি। তাদের দূর্বিষহ জীবন আপনারা তো দেখেন নাই। আপনারা আমাদের নির্দিষ্ট করে লিখিত আকারে জানান কবে আপনারা এ সমস্যার সমাধান করতে পারবেন।

 এ সময় শ্রমিকদের উদ্দেশে এক সেনা কর্মকতা বলেন, আপনাদের সাথে আমি দাঁড়াবো। আপনানা কেন রাস্তা ব্লক করলেন। আপনারা কি দাপ্তরিক কার্যক্রম বুঝেন? ইউএনও মহোদয় আসছেন, আশ্বাস দিচ্ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

চা শ্রমিকদের সড়ক অবরোধ চলাকালে সেখানে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়্যাৎ বলেন, আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের বকেয়া বেতনসহ যা দাবি আছে, আপনাদের যে সমস্যাগুলো আছে তা যাতে দ্রুত সময়ের মধ্যে দূর হয় তার জন্য আমরা কাজ করছি।  

শ্রমিকদের দাবি পুরণে লিখিত প্রতিশ্রুতির  দাবির বিষয়ে ইউএনও বলেন, শ্রমিকদের চাহিদা অনুযায়ী আজকেই আমরা লিখিতভাবে জানাবো যে কবে আমরা এ সমস্যা সমাধান করতে পারবো।

বিকেলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা , পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতাদের দীর্ঘক্ষন আলোচনার পর তারা অবরোধ তুলে নিতে রাজি হন। শ্রমিকদের দাবি অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের ৭ সদস্যের একটি দল জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত