সিলেটটুডে ডেস্ক

০৪ মে, ২০২৫ ২১:২৮

লালাখাল চা-বাগানে নারী শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালাখাল চা-বাগানে আয়োজিত বিশেষ স্বাস্থ্য শিবির সম্পন্ন হয়েছে। নারী চা শ্রমিকদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করতে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১১৫ জন নারী ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

রোববার দিনব্যাপী এই উদ্যোগ যৌথভাবে আয়োজন করে একসেস বাংলাদেশ, কমিউনিটি মেডিসিন বিভাগ – সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল।

ক্যাম্পের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নারী শ্রমিকদের অধিকার, কর্মস্থলের চ্যালেঞ্জ এবং ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।

এরপর নারী শ্রমিকদের স্ত্রীরোগ, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য ও সামাজিক সমস্যা নিয়ে সরাসরি আলাপচারিতায় অংশ নেন শ্রমিকরা।

এতে  স্থানীয় নারী শ্রমিকদের নিয়ে একটি কুইক রেসপন্স কমিটি গঠন করা হয় যাতে তারা ভবিষ্যতে জরুরি স্বাস্থ্য সহায়তা পেতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এনামুল হক, ডা. রেজাউল কবির রাজিব, ডা. ফারহানা, রওশন আরা মুকুল, দ্বিজেন দেবনাথ, নির্মল দেব, গৌতম কুমার রায় সহ আরও অনেকে। চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার ওলিউর রহমান এবং চা শ্রমিকদের প্রতিনিধি মোহন মাহালি।

এছাড়াও স্বাস্থ্যকর্মী, নার্স, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পটি একটি সফল ও প্রশংসনীয় সামাজিক উদ্যোগে পরিণত হয়।

আয়োজকরা জানান, এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে শুধু তাৎক্ষণিক চিকিৎসা নয়, একটি টেকসই কমিউনিটি নেতৃত্ব গঠনের সূচনা করা হলো, যা ভবিষ্যতে নারী চা শ্রমিকদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত