১০ জুন, ২০২৫ ১২:৪৯
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় মাদক কারবারিরা এই হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
সোমবার বিকালে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকদের এলোপাতাড়ি মারধর করছেন কয়েকজন যুবক। এক যুবক উচ্চস্বরে গালিগালাজ করছিলেন এবং লাঠি দিয়ে দুই-তিনজনকে বেধড়ক পেটাচ্ছিলেন। এ সময় একজন নারীর চিৎকারও শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া দেন। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে জানান, ওই মাদক কারবারিরা পালিয়ে কোন দিকে গেছে। তবে বিজিবি সদস্যরা মাদক কারবারিদের খুঁজে না পেয়ে চলে যান।
পরে বিজিবিকে তথ্য দেওয়ায় অভিযুক্তরা পর্যটকদের ওপর হামলা চালায়।
ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মিলে বিষয়টি দ্রুত মীমাংসা করে দিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। স্থানীয় বখাটেরা পর্যটকদের ওপর হামলা করেছে। পরে সাংবাদিক ও ইউপি সদস্য মিলে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা করেছেন।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “বিষয়টি আমি শুনেছি। শুনলাম, পর্যটক ও স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। তবে কী নিয়ে ঝামেলা হয়েছে, তা জানি না। শুনেছি, স্থানীয়রা মিলে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।”
আপনার মন্তব্য