১৪ জুন, ২০২৫ ১৪:৩৯
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে সিলেটের এমন কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না।শনিবার (১৪ জুন) সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা রিজওয়ানা এ কথা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজসম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান।
আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।
খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি।
তিনি এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে। এছাড়া তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।
এদিকে, পাথর কোয়ারি নিয়ে উপদেষ্টাদের এই বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠে উপস্থিত শ্রমিক-জনতা। প্রতিবাদে তারা উপদেষ্টাদের গাড়িবহর আটকে গিয়ে ভুয়া-ভুয়া স্লোগান দিতে শুরু করে। এরপর পুলিশি হস্তক্ষেপে দুই উপদেষ্টা বিক্ষুব্ধ শ্রমিক-জনতার প্রতিবাদ থেকে উদ্ধার পান।
আপনার মন্তব্য