রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

২৫ জুন, ২০২৫ ১৫:০৪

নৌকা শিল্পে ভাটা

নদীমাতৃক বাংলাদেশে জলযানের মধ্যে নৌকার সংখ্যাই বেশি। এদেশের মানুষ প্রাচীনকাল থেকেই নানা রকমের নৌকা ব্যবহার করে আসছে। কিন্তুকালের আবর্তে ও খাল-বিল ভরাট হওয়ার কারণে কমে যাচ্ছে নৌকার ব্যবহার। ফলে ভাটা পড়েছে নৌকা শিল্পে।

জানা গেছে, নৌকা তৈরির প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি, খাল-বিল ভরাট, রাস্তা নির্মাণ ও আর্থিক অনটনের ফলে এ শিল্পের কারিগররা এখন পেশা ছেড়ে দিচ্ছেন। ফলে হারিয়ে যেতে বসেছে শিল্পটি। মূলত নৌকা তৈরির উপকরণের মূল্য দিন দিন বেড়ে যাওয়ায় কারিগররা তাদের প্রাচীন এ পেশা ছেড়ে দিচ্ছেন।

একসময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের গ্রামগুলোতে প্রবেশ করলেই খাল, বিল এবং প্রত্যেক বাড়ি থেকে ঠকঠক শব্দ ভেসে আসতো। কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা তৈরির শব্দ শোনা যেত পুরো গ্রামজুড়ে। কিন্তু আজকাল সেই শব্দ আর কানে আসে না।শত অভাব-অনটনের মধ্যেও জগন্নাথপুর উপজেলার কিছু কারিগর এ ঐতিহ্যবাহী পেশাটি এখনও আকঁড়ে ধরে আছেন। তবে অধিকাংশ কারিগর এখন পুরনো এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিজেদের নিয়োজিত করেছেন।

জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজার, রানীগঞ্জ বাজার, রসুলগঞ্জ বাজার, গন্ধপুর বাজার, কেশবপুর বাজার, ভবের বাজার ও সৈয়দপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বর্ষা মৌসুমে বাজারের কাছে অনেক নৌকা সারিবদ্ধ করে রাখতে দেখা যেত। তখন খাল-বিল দিয়ে মানুষ নৌকায় করে বাজারে গিয়ে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করতেন। এই দৃশ্যটি এখন প্রায় বিলুপ্ত।

স্থানীয় নৌকার কারিগর অখিল সূত্রধর বলেন, ছোট আকারের একটা নৌকা তৈরি করতে ৫/৬ হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু হাটে নিয়ে গেলে সেই নৌকা ৫-৬ হাজার টাকায় বিক্রি করতেও হিমশিম খেতে হয়। আমাদের বর্তমান প্রজন্ম এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন আর কেউ এ পেশায় থাকছে না। আগামী দিনগুলোতে হয়তো নৌকা শিল্প হারিয়ে যাবে।

জগন্নাথপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব অমিত দেব বলেন, একসময় নৌকা সাজিয়ে এক গ্রামের বরযাত্রী অন্য গ্রামে নিয়ে যেত বিয়ের জন্য। স্কুল-কলেজ, হাট-বাজারে যাওয়া ও মালামাল আনা-নেওয়ার কাজে এসব নৌকা ব্যবহার করা হতো। কিন্তু গত প্রায় ৩০ বছর ধরে এ দৃশ্য আর দেখা যায় না। এখন প্রায় প্রতিটি গ্রামেই রাস্তা নির্মাণ হওয়ায় নৌকার ব্যবহার অনেকটা কমে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত