২৮ জুন, ২০২৫ ০০:২৪
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার বিকেলে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। বর্তমানে জাতীয় সরকারের সকল স্তরে এক ধরনের বিশৃংখল অবস্থা বিরাজমান। অতি তাড়াতাড়ি এটা সমাধানে শুধু সরকারকে একার পক্ষে কাজ করলে হবে না, সকল রাজনৈতিক দলকেও একযোগে কাজ করতে হবে।
আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচিত নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন৷
তিনি শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসিজদ কমপ্লেক্সে নুর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
এতে ডা. শফিকুর রহমান আরও বলেন, কূটনীতিকরা আমাদেরকে নানা প্রশ্ন রাখেন। তারা জানতে চান, আমরা ক্ষমতায় গেলে পোশাক কোড কী হবে, মাইনরিটি ও নারীর অধিকার কী হবে। আমরা তাদেরকে কোরআন মোতাবেক যতটুকু জানি, ততটুকু বলেছি। তাদেরকে বলেছি, আপনারাও কোরআন পড়তে পারেন। বেশরিভাগ কূটনীতিকই খ্রিস্ট্রান সম্প্রদায়ের উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে বলি বাইবেল পড়েছেন কি না, তারা কেউই বাইবেল পড়েনি বলে জানায়। তখন আমি তাদেরকে বলেছি, আমি কিন্তু আপনাদের বাইবেল পড়েছি। আপনারা কোরআন পড়তে পারেন। সেখানে কী ম্যাসেজ দেওয়া আছে, সেটা জানতে পারেন। অনেকে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে কোরআন দিয়েছি। তারা জানার চেষ্ঠা করছে। তিনি কোরআন ও ইনসাফ ভিত্তিকে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কোরআন শিক্ষার উপর জোর দেন।
তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় নেই, যেখানে আল্লাহ নবী পাঠান নাই। কুরআনের ভাষা বিশ্ব নবীর ভাষা। কোরআনই একমাত্র কিতাব, যেটা পৃথিবীর সকল ভাষায় অনুবাদ হয়েছে। বাইবেলে হাত লেগেছে, কিন্তু কোরআনের একটি অক্ষরেও হাত লাগে নাই। এটা কোরআনের সবচেয়ে বড় মুযিজা।
নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, দি সিলেট ইসলামী সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, দাওয়াতুল ইসলাম ইউকের প্রাক্তন আমীর হাফিজ শফিকুর রহমান মাদানী, ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ক ও খ গ্রুপের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিকারী প্রতিযোগিতার হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এর বাইরে দুই গ্রুপ থেকে ৭ জন করে মোট ১৪ জনকে নগদ ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, নুর ফাউন্ডেশনের আয়োজনে অর্থসহ আমপারা মুখস্ত প্রতিযোগিতায় ৫ শতাধিকেরও বেশি প্রতিযোগি অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য