৩০ জুন, ২০২৫ ০০:১১
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে টহলরত সেনাবাহিনীর সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলা মামলায় ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক আহমদ উরফে সুইট ফারুক, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজির রহমান, হরিপুর বাজার কমিটির সভাপতি আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা আমির উদ্দিন, ফখরুল ইসলাম, শাহিন আলম, আব্দুর রফিক (লুদাই) ও তার ছেলে ইসমাইল, মাসুক আহমদ, মুতলিব।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন বলেন, এই ১০ জন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত (২৭ মার্চ) রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসার পথে একদল চোরাকারবারি পূর্ব পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনাসদস্য গুরুতর আহত হন এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
আপনার মন্তব্য