সুনামগঞ্জে মানববন্ধনে বক্তারা

০১ জুলাই, ২০২৫ ২৩:১০

পর্যটনের নামে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ধ্বংস করা হচ্ছে

সুনামগঞ্জে মানববন্ধনে বক্তারা

বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট জীববৈচিত্র, প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জৈববৈচিত্র পুনরুদ্ধার এবং জেলার সকল বালু মহালে লুটপাট বন্ধ করে পরিবেশ সুরক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আন্তঃ উপজেলা অধিকার পরিষদের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ আন্তঃ উপজেলা অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক আফিন্দী, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক নেতা হাফিজুর রহমান, নুরুল হক প্রমুখ।
বক্তারা বলেন,‘ পর্যটনের নামে টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস করা হচ্ছে। অনিয়ন্ত্রিত পর্যটনে হাওর হুমকির মুখে। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জৈববৈচিত্র নষ্ট হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। হাওরে এখন মাছ পাওয়া যাচ্ছে না। হাওরে এখন গাছ নাই, পাখি নাই। কিন্তু প্রশাসন নির্বিকার। দ্রুত টাঙ্গুয়ার হাওর ও বালু মহালের পরিবেশ রক্ষা করতে হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইটস টাঙ্গুয়ার হাওর এলাকার প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের যাতায়াত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

গত ২২ জুন রবিবার রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে আগে জারি করা নির্দেশনা অবশ্যই পালনের অনুরোধ করা হয়। অন্যথায় কঠোরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত