সুনামগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই, ২০২৫ ২৩:৫৪

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই পাচারকারীসহ আটক ৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ৪ জনকে ভারতে পাচারের সময় দুই মানব পাচারকারীসহ ৬ জন আটক করেছে বিজিবির।

বুধবার দুপুরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দোয়ারাবাজারের বাগানবাড়ি বিওপির সদস্যরা বাগানবাড়ি সীমান্তের ইদুকোনা থেকে ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের মো. ইমন হোসেন (২২), মো. আবুল হোসেন (৫৫), ফরিদপুরের ভাংগা উপজেলার হাজরাকান্দি গ্রামের মো. নুর ইসলাম মোড়ল (২০), মো. লিটন মির (৫০), মো. নজরুল ইসলাম (৪০) ও মো. শাহীন মিয়া (৩০)। এর মধ্যে দোয়ারাবাজারের ইদুকোনা গ্রামের মো. ইমন হোসেন ও মো. আবুল হোসেন মানবপাচারকারী।

বিজিবি জানিয়েছে, দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্তের ইদুকোনা গ্রামের মো. ইমন হোসেন, মো. আবুল হোসেন ও মো. আরমান হোসেন মানবপাচারের সাথে জড়িত। তারা অর্থের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচার করে। গতকাল বুধবার দুপুরে ফরিদপুরের ওই ৪ জনকে অর্থের বিনিময়ে ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় এনে জড়ো করেছিল। ফরিদপুরের শাহীন মিয়া অবৈধভাবে ভারতে গিয়েছিল। গ্রামের অন্য তিনজনকে ভারতে নিয়ে যেতে সে গতকাল দেশে ফিরেছিল। বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে। তবে মানব পাচারকারী আরমান হোসেন পালিয়ে গেছে। পরে আটককৃত ৬ জনকে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুরের আটককৃতরা বিজিবিকে জানিয়েছে, ভারতে তাদের-আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময়ই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায়। কয়েক মাস সেখানে কাজ করার পর পূনরায় বাংলাদেশে ফিরে আসেন।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ মানবপাচারকারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃত ৬ জনকে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন,‘ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত