নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫ ১১:০২

মির্জা ফখরুলের দক্ষিণ সুরমার কর্মসূচি বাতিল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সিলেট সফরে দক্ষিণ সুরমার প্রোগ্রাম বাদ দেওয়া হয়েছে। তারা কেবল সিলেট নগরীর পাঠানটুলার একটি কমিটিউনিটি সেন্টারে সমাবেশে অংশ নেবেন। এরপর একটি রেস্তোরাঁর হলরুমে জুলাই শহিদ সম্মাননায় যোগ দেবেন।

রোববার (৬ জুলাই) বিকেলে সিলেটে বিএনপির মহাসচিবের সফরসূচি নিয়ে জেলা ও মহানগর বিএনপি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ বক্তব্য দেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সোমবার (৭ জুলাই) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সিলেট পৌঁছাবেন। বেলা ১১টায় সিলেট নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।

সমাবেশে শেষে নগরীর দরগাহগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকের বলরুমে জুলাই শহিদ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুটো অনুষ্ঠানে মহাসচিবের সফরসঙ্গী বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে তার এলাকা দক্ষিণ সুরমা যাওয়ার কথা ছিল। সেখানে একটি কমিউনিটি সেন্টারে সমাবেশেরও প্রস্তুতি ছিল। ব্যক্তিগত আমন্ত্রণে দক্ষিণ সুরমার প্রোগ্রাম বাতিল করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘অন্য কোনো কারণে নয়, নেতৃবৃন্দের দক্ষিণ সুরমার প্রোগ্রাম বাদ দেওয়া হয়েছে লোকসমাগম ও বৃষ্টি-বাদল পরিস্থিতির কারণে। দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ নামক একটি কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে জায়গা হবে না বলে নগরীর এই কমিউনিটি সেন্টারে সমাবেশস্থল নির্ধারণ হয়েছে।’

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘মহাসচিব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর জুলাই শহিদ সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে ওই দিনই ঢাকায় ফিরে যাবেন।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি পদে থাকা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা এম এ মালেক জানিয়েছিলেন, তার আমন্ত্রণে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন। সফর সম্পর্কে মালেক বলেছিলেন ‘আন্দোলন সংগ্রামে সিলেটের দক্ষিণ সুরমায় অনেকে নিহত হয়েছেন, পুলিশের নির্যাতন, অন্যায় অত্যাচারের কারণে সিলেটেও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। লন্ডনে রাজনৈতিক সক্রিয়তার প্রতিহিংসায় সিলেটে আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে। ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর আমি চেয়েছিলাম মহাসচিব যেন প্রথম অফিসিয়াল ভিজিট সিলেটে করেন।’

৫ আগস্টের পর মহাসচিব বাংলাদেশে অফিসিয়ালি কোথাও যাননি উল্লেখ করে মালেক আরও বলেছিলেন, ‘যেহেতু সামনে নির্বাচন, অবশ্যই আমার এম্বিশান আছে। সিলেটে যতটা আসন আছে, সবগুলো আসন নিয়ে কাজ করে প্রত্যেকটা আসনে ধানের শীষকে বিজয়ী করা। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের সকলেই আমাকে সহযোগিতা করেছেন। এমনকি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা আমাকে সহযোগিতা করছেন।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়ে এম এ মালেক বলেন, ‘দক্ষিণের প্রোগ্রাম উত্তরে নিয়ে আসা হয়েছে সময় স্বল্পতার জন্য। মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক যে বক্তব্য দেবেন, তাতে বিএনপির তৃণমূল উপকৃত হবে। এটাই আমার চাওয়া।’

আপনার মন্তব্য

আলোচিত