সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০২৫ ১৯:৩৬

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট বাছাইপর্ব অনুষ্ঠিত

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাইপর্বে দুই গ্রুপে ২০ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকাল নয়টায় নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারী মহিলা কলেজে প্রাঙ্গণে বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। এতে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সব শেষে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সনদপত্র ও মেডেল দেওয়া হয়।

সদ্য এসএসসি পাস করা দিব্যজ্যোতি গোস্বামী সূর্য জুনিয়র গ্রুপে এ বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করেছে। দিব্যজ্যোতি বলেন, ‘আমার ছোট বেলা থেকে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল। আমি ভবিষ্যতে এটি নিয়ে কাজ করতে চাই।’

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তি বলেন, ‘আমি কলেজের স্যারদের মাধ্যমে এই প্রতিযোগিতার খবর পাই। এই একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। প্রথম বার অংশগ্রহণ করে আমি উত্তীর্ণ হয়েছি। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’

অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য জানান, ‘জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তার ধারাবাহিকতায় আজ সিলেট শহরে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন প্রতিযোগীকে নিয়ে এই পর্বটি অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন প্রতিযোগী এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তাছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।’

সংগঠক কালাম জুবায়ের নিশাদ বলেন, ‘সকাল নয়টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৫০ জন। ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আজ সিলেটে ২০ জনকে বাছাই করা হয়েছে; তারা ২য় রাউন্ডে ঢাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমেদ, এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জনসংযোগ পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সিলেটের সংগঠক ফুজায়েল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত