১৭ জুলাই, ২০২৫ ২৩:১৮
বৃক্ষরোপণে তরুণদের উৎসাহিত করতে সিলেটে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করেছেন সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি। বুধবার (১৬ জুলাই) বিকালে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি করা হয়।
এই কর্মসূচির সমন্বয় করেন, পরিবেশকর্মী ও বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির। এসময় শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের পাশে ৫টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে আলিয়া মাদ্রাসায় দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া মো. লিয়াকত আলী ও আবিদুর রহমান দিদারকে ১৮টি বৃক্ষ উপহার দেওয়া হয়।
এই কর্মসূচির আয়োজক সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি বলেন, আমি সাধারনত সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করি। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে যেভাবে উষ্ণতা বাড়ছে তার জন্য গাছ লাগানো খুবই জরুরি। আর এই বর্ষাকাল হল গাছ লাগানোর উত্তম সময়। তাই আমি এই বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছি। কম সংখ্যক গাছ লাগালেও আমি চাই গাছগুলো বেঁচে থাকুক। পাশাপাশি তরুণরা যেন বৃক্ষরোপণে উৎসাহী হয় সেজন্য ২জন তরুনকে বৃক্ষ উপহার দিয়েছি।
কর্মসূচির সমন্বয় পরিবেশকর্মী ও বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির বলেন, যারাই বৃক্ষ লাগাতে চান আমি তাদেরকে সাহায্য করি। আমি চাই আমাদের সিলেটের প্রকৃতি যেন আরও সবুজ হয়। প্রকৃতি যত সবুজ হবে আমাদের আগামী প্রজন্ম বুকভরে বিষমুক্ত নিঃশ্বাস নিতে পারবে। তাই বৃক্ষ লাগাতে আমি কখনো পিছপা হই না।
বৃক্ষরোপণ ও বিতরনকালে উপস্থিত ছিলেন সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, পরিবেশকর্মী ও বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির, সাদিয়া ইসলাম, আরিশা জান্নাত, মো. আবরার ও ফারিহাল।
আপনার মন্তব্য