চুনারুঘাট প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৫ ১২:৩০

চুনারুঘাটে কয়েলের আগুনে পুড়েছে গোয়ালঘর, ৩০ গবাদিপশু পুড়ে ছাই

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে একটি গোয়ালঘরে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি।

জানা গেছে, বুধবার মধ্যরাতে ওই গ্রামের মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী একটি গোয়াল ঘর ভাগাভাগি করে গবাদিপশু পালন করতেন। মধ্যরাতে ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার ২ ঘণ্টা পর ঘরের মালিক কদর আলীর ঘুম ভাঙলে দেখতে পান গোয়াল ঘরে আগুন। তার চিৎকারে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কদ্দুছের ৫টি বড় গরু, ৩টি ছাগল ও ৬টি হাঁস এবং তার ভাই কদর আলীর ৬টি গরু, ৭টি ছাগল, ৩টি হাঁস ও ৮টি মুরগি পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে দুই সহোদরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আওতায় আনার আশ্বাস দেন।

আপনার মন্তব্য

আলোচিত