২১ জুলাই, ২০২৫ ২৩:১৯
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন কমিটি থেকে বারবার পদত্যাগের ঘটনা ঘটছে। রোববার তারা পদত্যাগ করেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত সপ্তাহে বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে চারজন এনসিপি নেতার পদত্যাগের পর এবার নতুন করে গোয়াইনঘাটের কমিটি থেকে আরও চার নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে এনসিপির কমিটি থেকে আটজন পদত্যাগ করেন।
সোমবার গোয়াইনঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী হাফিজ মো. আব্দুল হাফিজ জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার চারজন ও এর আগে আরও দুইজন পদত্যাগ করেছেন। নতুন পদত্যাগকারীরা হলেন– যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।
এর আগে একই কমিটি থেকে ১৩ জুলাই সদস্য ফাহিম আহমদ ও ১৪ জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ পদত্যাগ করেন। গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গোয়াইনঘাট উপজেলায় ২১ সদস্যের সমন্বয় কমিটির অনুমোদন দেন। একই দিন বিশ্বনাথ উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। পরদিন বিশ্বনাথ উপজেলার সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও সদস্য শাহেদ আহম্মেদ পদত্যাগ করেন।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের চাচাতো ভাই। তাঁর মাধ্যমে কামরুল, তরিকুল ও কিবরিয়া দলে যোগ দিয়েছিলেন।
আপনার মন্তব্য