বিয়ানীবাজার প্রতিনিধি

২৯ জুলাই, ২০২৫ ২২:১৫

বিয়ানীবাজারে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে নবজাতকের লাশ উত্তোলন

সিলেটের বিয়ানীবাজার মৃত্যুর দুই মাস পর এক নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পিতৃপরিচয় সনাক্তে ডিএনএ টেস্টের জন্য আদালতের নির্দেশে শিশুর মরদেহ তোলা হয়। উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়ার এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব আদালতের নির্দেশে বিয়ানীবাজার ও জুড়ি থানা পুলিশের সহযোগিতায় কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

স্থানীয়রা জানান, বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের এক নারীর মৌলভীবাজারের জুড়ি উপজেলার এক বাড়িতে গৃহস্থালির কাজ করতেন। ওই এলাকার মাহিন আহমেদ নামে এক যুবকের সাথে সেই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে শিশুর জন্ম হয়।

নবজাতক জন্মের দুইদিন পর মারা গেলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ানীবাজারের টিকরপাড়ার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ওই নারীর পরিবারের অভিযোগ,  শিশুর মৃত্যুর পর থেকেই মাহিন আহমেদ বাচ্চা ও তার মাকে অস্বীকার করেন।

পরবর্তীতে ওই নারী সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য শিশুটির মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়।

ওই নারীর বাবা  জানান, মেয়ের গর্ভে সন্তান এ খবর পেয়ে মেয়ের সাথে কথা বলে সে সময় জুড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। স্থানীয় সালিশ ব্যক্তিবর্গ ও অভিযুক্ত মাহিনের পরিবার সমঝোতায় প্রস্তাব দিলে মেয়ে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ বিবেচনা করে আপোষ করি।

তিসি বলেন, মেয়ের গর্ভের সন্তান ভূমিষ্ট হওয়ার দুইদিন পর মারা যায়। মরদেহ দাফনের পর থেকে স্ত্রী হিসাবে আমার মেয়েকে গ্রহণে অস্বীকৃতি জানান মাহিন ও তার পরিবার। কোন উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ্য হলে আদালত পিতৃপরিচয় শনাক্তে ডিএনও পরীক্ষার নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন।

লাশ উত্তোলন শেষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের  ম্যাজিস্ট্রেট তানজীর হোসাইন সজীব জানান, আদালতের নির্দেশক্রমে দুই মাস আগে মারা যাওয়া দুইদিনের এক নবজাতক শিশুর লাশ উত্তোলন করেছি। মূলত ডিএনএ পরীক্ষার জন্য আমরা নমুনা সংগ্রহ করেছি।

আপনার মন্তব্য

আলোচিত