নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫ ২৩:০২

সিলেটে পুলিশের তল্লাশীর সময় টাকা খোয়া যাওয়ার অভিযোগ

সিলেট নগরের পশ্চিম তেররতন এলাকায় পুলিশের উপস্থিতিতে তালাবদ্ধ ঘরে প্রবেশ করে তল্লাশি চালানোর সময় ঘর থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মঙ্গলবার (২৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের কমিশনার এবং শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজালাল উপশহর পশ্চিম তেররতন এলাকার বাসিন্দা মো. রতন মিয়া (৫৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই দিবাগত রাতে সিলেট সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের সাদাটিকর তেররতন এলাকার সুহিন মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

কলোনির রতন মিয়ার দাবি, তার ছেলে মো. আজমল ভুঁইয়ার তালাবদ্ধ ঘরে সুহিন কলোনির বাসিন্দা মন্তাজ আলীর ছেলে মো. বাবু মিয়া তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন। তাদের মধ্যে তিনজন নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অভিযোগে বলা হয়, ওই রাতেই তারা ঘরের আসবাবপত্র তল্লাশি করে কিছু না বলেই সেখান থেকে চলে যান। আজমল ভুঁইয়া কোনো মামলার আসামি ছিলেন না বলেও জানান রতন মিয়া। স্থানীয়রা যখন তল্লাশির কারণ জানতে চান, তখন বাবুর সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের শাহপরাণ থানার উপশহর ফাঁড়ির পুলিশ সদস্য বলে পরিচয় দেন।

পরদিন আজমল ঘরে ফিরে দেখতে পান ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে এবং ঘরে থাকা ২৫ হাজার টাকা খোয়া গেছে। এরপর তারা উপশহর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করলে জানানো হয়, আজমলের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ দাবি খণ্ডন করে রতন মিয়া বলেন, ‘যদি মাদকদ্রব্যই উদ্ধার হতো, তাহলে তা স্থানীয়দের উপস্থিতিতে দেখানো হয়নি কেন? গণমাধ্যমে জানানো হয়নি কেন? কিংবা কোনো মামলাও হয়নি কেন?’

তার দাবি, আজমলের সঙ্গে থাকা বিরোধের জেরে বাবু মিয়া প্রতিশোধমূলকভাবে পুলিশকে ব্যবহার করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ‘উপস্থিত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাবু এবং তার সঙ্গীরা ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে।’

রতন মিয়ার ভাষ্যমতে, বাবু একজন উশৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি, যার বিরুদ্ধে এলাকাবাসীর কাছে একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. মুহিবুর রহমান বলেন, ‘ঘটনার অভিযোগ পেয়েছি। শাহপরাণ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।’

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত