৩০ জুলাই, ২০২৫ ২১:৩৭
শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরোনোত্তর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির এই মনোয়ন প্রত্যাশী বলেছেন, ১৯৭১ সালে ২৫ মার্চ বাংলাদেশকে উত্তাল করে শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়েছিলেন। এই কালো রাতে এদেশের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিলো এর জন্য দায়ী শেখ মুজিবুর রহমান। তার মরোনোত্তর বিচার হওয়া উচিত।
বুধবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানটি ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে কয়ছর আহমদ আরও বলেন, ২৫ মার্চ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন তখনই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে। তাই তিনি স্বাধীযনতার ঘোষণা দিয়ে এবং নিজে যুদ্ধ করে বাংলাদেশকে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন। এরপর তিনি মনে করেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক দল দেওয়া প্রয়োজন। এই চিন্তা থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন আমাদের নেতা জিয়াউর রহমান।
তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির প্রাণ উল্লেখ করে কয়ছর এম আহমদ বলেন, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এই দলের কর্মী হয়ে কাজ করা সৌভাগ্যের ব্যপার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একটিমাত্র দল কাজ করে আর সে দল হচ্ছে বিএনপি।
তিনিআরও বলেন, গুম, খুন, মামলা-হামলা ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে বিএনপিই একমাত্র দল যা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে টিকেছিলো, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলো, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলো।
নির্বাচন ইস্যুতে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আংশিক বিজয় লাভ করেছে। পূর্ণাঙ্গ বিজয় আসবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণে একটি নির্বাচিত সরকার এলে। এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। এবারও আশাকরছি আগামী রোজার আগেএকটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।আবারও বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ্।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও একই কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায়অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাইম, আক্তারুজ্জামান বাবুল প্রমুখ।
আপনার মন্তব্য