০১ আগস্ট, ২০২৫ ২২:১৯
সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেলের অপর আরোহী। শুক্রবার (১ আগস্ট) আনুমানিক বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত অপরজনের নাম মো. হাসান (২৪)।
জানা যায়, সিলেটের বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান এবং হাসান আহত হন। এসময় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।
আপনার মন্তব্য