০১ আগস্ট, ২০২৫ ২৩:২৯
বিগত কয়েক বছর থেকে বিয়ানীবাজার পৌর শহরের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে সেখানে ব্যবসা করে আসছিলেন অনেকে। ফলে শহরের সৌন্দর্য বিনষ্ট হওয়ার পাশাপাশি যানজট লেগেই থাকতো। প্রতিদিন দুর্ভোগের শিকার হতেন নানা কাজে শহরে আশা কয়েক হাজার মানুষ।
ফুটপাত ব্যবহার করে সাধারণ মানুষ নিরাপদে চলাচলের কথা থাকলেও সেটি বঞ্চিত ছিলেন বিয়ানীবাজার পৌর শহরের বাসিন্দারা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দখমুক্ত হল বিয়ানীবাজার পৌর শহর।
গত এক সপ্তাহ থেকে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন মাইকিং করে পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দেয়। পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর উপজেলা নির্বাহী অফিসার ও বিয়ানীবাজার পৌর প্রশাসক উচ্ছেদ অভিযান শুরু করেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে শহরের ফুটপাত দখলমুক্ত এবং সড়কের পাসে অস্থায়ীভাবে গড়ে উঠা সবজির দোকান সহ সমস্ত স্থাপনা সরিয়ে নেওয়া কাজে সহযোগিতা করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১২ টার পর সবজি বিক্রেতারা সড়কের পাসের ফুটপাত থেকে নিজেদের দোকান গুলো সরিয়ে নেন।
শুক্রবার পৌর শহরে আসা জয়নাল উদ্দিন বলেন, আজকে পৌর শহরের চেহারা অন্যরকম হয়ে গেছে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় কারণে যানযট নেই। শহরে চলাচল করতে স্বস্তি মিলছে।
বাজার করতে আসা নজরুল ইসলাম নামের একজন বলেন, আজকে দীর্ঘ কয়েক বছর পর ফুটপাত দিয়ে হাঁটতে পারছি। শুধু তাই নয় শহরের পরিবেশটাই বদলে গেছে। আমরা চাই ফুটপাত যেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। সেখানে বসে যাতে ব্যাবসা করতে না পারে সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তফা মুন্না বলেন, আমরা বিয়ানীবাজার পৌর শহরের যানযট নিরসন ও শহরের সৌন্দর্য বর্ধনের জন্য সমস্ত অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে ছিলাম। যার কারণে বেশিরভাগ ব্যবসায়ীরা গতকাল রাতে তাদের অবৈধ স্থাপনাগুলো সড়কের পাসের ফুটপাত থেকে সরিয়ে নিয়েছেন এবং যারা সরিয়ে নিতে বিলম্ব করেছিলেন আজ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে সেগুলো বিরুদ্ধে অভিযান চলছে।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফুটপাত দখল করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হবে। আশা করি ব্যাবসায়ীরা বিয়ানীবাজারকে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করবে।
আপনার মন্তব্য