০৬ আগস্ট, ২০২৫ ১২:০৭
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন- এমন আশঙ্কা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি আদালতে করা এক আবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়।
ওই আবেদনে সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে আনোয়ারুজ্জামানের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলেও উল্লেখ করে দুদক।
যদিও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী গত বছরের ৫ আগস্টের কিছুদিন পরই যুক্তরাজ্যে চলে যান। তিনি সেখানকার নাগরিক বলেও জানা গেছে। যুক্তরাজ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী ও সরকারবিরোধী নানা কর্মকান্ডে তাকে প্রকাশ্যেই অংশ নিতে দেখা যাচ্ছে। তবু দেশ ছেড়ে যাওয়ার প্রায় একবছর পর দুদক তার দেশ ছাড়তে নিষেধাজ্ঞার জন্য আবেদন করে।
দুদকের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এর আগেও আনআয়ারুজ্জামানের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আপনার মন্তব্য