০৭ আগস্ট, ২০২৫ ২০:৪১
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেক পোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।
এসময় মো. লালন মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়। তিনি রাজনগর উপজেলার বাসিন্দা।
এসময় তল্লাশি চালিয়ে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫,১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪,৮০০ পিস, Derobin Ointment ৪,৫০০ পিস, Melnor Cream ৫,৭৬০ পিস, Clop-G Cream ২৩,৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস।
এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩.৪৮,৮২০/- (তিয়াত্তর লক্ষ আটচল্লিশ হাজার আটশত বিশ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
জিজ্ঞাসাবাদে ধৃত লালন মিয়া জানান, তিনি রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
লালন মিয়া, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
আপনার মন্তব্য